রাজধানীর লালবাগ কেল্লার সীমানা প্রাচীর ভেঙে গাড়ি পার্কিং তৈরির কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় উপ-পরিচালক, লালবাগ কেল্লার কিউরেটর এবং লালবাগ থানার ওসিকে এ কাজ বন্ধের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আর এ বিষয়ে অগ্রগতি জানিয়ে আগামী ৫ জুলাই তাদেরকে আদালতে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।
এ বিষয়ে দুটো রুলও জারি করেছে আদালত।
প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইনের ১২ (৩) ধারা এবং সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুসারে লালবাগ কেল্লা ও স্থাপনা সংরক্ষণের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে একটি রুলে।
আর কেল্লার দেয়ালের যে অংশ ভেঙে ফেলা হয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে অন্য রুলে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের যুগ্ম সচিবসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সকালে আদালতে আবেদনটি জমা দেয়। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
আদেশের পর মনজিল মোরসেদ বলেন, সাংবাদিকদের বলেন, দুটি পত্রিকায় এসেছে, কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিং এর জায়গা হচ্ছে। আইন অনুসারে এর কোনো সুযোগ নেই, এটি অবৈধ। তাই কেল্লার বৈশিষ্ট যাতে পরিবর্তন করা না হয় এবং আইন অনুসারে যাতে সংরক্ষণ করা হয়, তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করা হয়েছে।