জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. মঈনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে খালেদা জিয়ারপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও এম মাহবুবউদ্দিন খোকন।
ইতিমধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে হারুন অর রশীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ২৫ মে তার সাক্ষ্য প্রত্যাহারে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলেও বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন। এরপর বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ মামলায় খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয়া হয়। দুই মামলারই বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ।