রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে কাজ করতে পারছে না বিচার বিভাগ- রাজনৈতিক নেতাদের এ ধরনের মন্তব্যে অসন্তোষ ও উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে সুতরাং যারা বিচার বিভাগ নিয়ে কটুক্তি করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি এমন বক্তব্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ নিরপেক্ষভাবে সবার প্রতি সমান বিচার, সমান আচরণ করে যাচ্ছেন। তারপরেও কিছু কিছু রাজনৈতিক নেতৃত্ব বিচার বিভাগ নিয়ে যে সমস্ত বিরূপ মন্তব্য করেন সেগুলো খুবই দুঃখজনক এবং কোনো আদেশ যখন তাদের বিরুদ্ধে যায় তখন তারা এ সমস্ত মন্তব্য করা শুরু করেন। এটি নিয়ে প্রধান বিচারপতি আদালতের পক্ষ থেকে খুব উষ্মা ও অসন্তোষ প্রকাশ করেছেন।
শুনানিতে ফখরুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গণতন্ত্র রক্ষায় বিচার বিভাগ তার অন্তর্নিহিত ক্ষমতার ব্যবহার ঠিকমত না করায় এর ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মন্তব্য করলে, প্রধান বিচারপতি তাকে এ ধরনের বক্তব্যের ব্যাপারে সতর্ক করে দেন বলে জানিয়েছেন এস কে সিনহা।
অ্যাটর্নি জেনারেল বলেন, শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলতে চেয়েছেন, নিম্ন আদালতের বিচারকরা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছেন না। প্রধান বিচারপতি এটাকে সম্পূর্ণরুপে ভিত্তিহীন বলেছেন। বলেছেন, এটা ঠিক না। বরঞ্চ মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে এই বিচার বিভাগ সুপ্রিম কোর্টের অধীনে। এ সমস্ত অহেতুক মন্তব্য থেকে বিরত থাকতে সব মহলকে অনুরোধ করেছেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের ভাবমূর্তি সমুন্নত রাখা সবার দায়িত্ব। রাজনৈতিক নানা রকম নেতৃত্ব যে দলে থাকুন না কেন, বিচার বিভাগকে সমস্ত বিতর্কের উর্ধ্বে রাখা উচিত।
এদিকে, নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ৮ জুলাই দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে মির্জা ফখরুলের শারীরিক অবস্থার বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।