সাবান কিনে সোনার লকেট জিতে নেয়ার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে ইউনিলিভার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
‘এবার লাক্স কিনে জিতে নিন সুরভিত সোনার লকেট!’ শিরোনামে ওই বিজ্ঞাপন প্রচারের জন্য ইউনিলিভার কর্তৃপক্ষের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৪ (বি) ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেয়া হবে না— রুলে তা জানতে চেয়েছে আদালত।
আর স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, পুলিশের মহা পরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনারসহ বিবাদীদের সপ্তাহের মধ্যে এর জবাব দিতেও বলা হয়েছে।
আইন অনুযায়ী এ ধরনের বিজ্ঞাপন প্রচার ‘নিষেধ’ উল্লেখ করে তা বন্ধের নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মতিন রোববার এ রিট আবেদন করেন।
ইউনিলিভারের ওই বিজ্ঞাপন সম্বলিত একটি দৈনিক পত্রিকাও আবেদনের সঙ্গে যুক্ত করে দেয়া হয়।
এর আগে ২০১৩ সালের জুলাই মাসেও ইউনিলিভারের বিজ্ঞাপনে হিরার লকেটের প্রলোভন দেখানোর বিষয়ে একটি রিট আবেদন করেছিলেন আবদুল মতিন।
ওই আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ সে সময় রুলও জারি করেছিল, যা এখনো বিচারাধীন বলে তৌহিদুল ইসলাম জানান।