গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদনের শুনানি শেষে আগামী রোববার ১২ জুলাই আদেশ দেয়ার দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করে।
ট্রাইব্যুনাল-২ বিষয়ে নানা মন্তব্য করায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গতকাল আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন দাখিল করেন তিন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশ।
সকালে আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ ও আবেদনকারী মনোরঞ্জন ঘোষাল। শুনানিতে মনোরঞ্জন ঘোষাল ৩ জন বিচারপতি ও বিচারালয় সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরী যেসব মন্তব্য করেছেন, তা আদালত অবমাননা বলে দাবী করে বলেন, তার মন্তব্য আদালতের সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
এ নিয়ে তৃতীয়বারের মতো জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো।
প্রসঙ্গত, গত ১০ জুন ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয় আদালত। শাস্তি হিসাবে তাকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। সেইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
তবে জাফরুল্লাহর আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত পরে ওই জরিমানার আদেশের কার্যকারিতা স্থগিত করেছে।
ট্রাইব্যুনালের রায়ের দিন আদালত সাজা ঘোষণার পর জাফরুল্লাহ চৌধুরী রায়ের অনুলিপি হাতে না পাওয়া পর্যন্ত কাঠগড়ায় যাবেন না বলে দীর্ঘসময় অনড় থাকেন। পরে রায়ের কপি হাতে দেয়া হলে স্বেচ্ছায় কাঠগড়ায় গিয়ে সাজাভোগ করেন।
এদিকে, ট্রাইব্যুনালের দেয়া দণ্ড ও জরিমানার বিরুদ্ধে চেম্বার আদালত স্থগিতাদেশ দেয়ার পর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় আসেনি বলে জাফরুল্লাহর আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম জানান। সূত্র: বাসস