ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ আরও দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
পাশাপাশি যে পরিমাণ গম বিতরণ করা হয়নি তা বিতরণ না করতেও আদেশে বলা হয়েছে।
গত ৮ জুলাই এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে দেয়া যাবে না এবং কেউ ফেরত চাইলে সরকারকে তা ফেরত নেয়ার আদেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ২৬ জুলাই পর্যন্ত তা স্থগিত করে চেম্বার আদালত।
গত বছরের শেষ দিকে ব্রাজিল থেকে চারটি ধাপে মোট ২ লাখ ৫ হাজার ১২৮ টন গম আমদানি করা হয়। এর মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯২৬ টন বিতরণ করা হয়েছে। সারা দেশে পুলিশ, বিজিবি, আনসার, কারাগার, বিভিন্ন ডিলার ও আটা-ময়দা কল, টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখাসহ (কাজের বিনিময়ে খাদ্য) বিভিন্ন কর্মসূচিতে ওই গম বিতরণ করেছে খাদ্য অধিদপ্তর।