জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট নির্ধারণ করেছে আদালত। সোমবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
শুনানির সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের আইনজীবী জেরা করে।
এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে আসামিপক্ষের আংশিক জেরা করা হয়েছে গত ১৮ জুন ও ২৩ জুলাই। খালেদা জিয়ার পক্ষে তাকে জেরা করছেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয়া হয়। দুই মামলারই বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ।