বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছে আদালত।
সোমবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, খালেদা জিয়া শারীরিক অসুস্থার জন্য আদালতে উপস্থিত হতে পারেননি। তাই দুই মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য নেয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে বলে আরো একটি আবেদন করা হয়েছে।
এদিকে, এ পর্যন্ত দুই মামলায়ই মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন অর রশীদ সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে আসামি খালেদা জিয়া ও জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে জেরা করেছেন তার আইনজীবীরা।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেয়।