সিলেটে শিশু রাজন হত্যা মামলায় সৌদি আরবে আটক কামরুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়েছে সৌদি আরবে আটক কামরুলকে। এরপর কামরুলের ভাই মুহিদুল ইসলাম, ময়না মিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সৌদি আরবে আটক কামরুলসহ ৩ জনকে পলাতক দেখানো হয়েছে।
মামলায় আটককৃতদের মধ্যে ৩ জনের নাম অভিযোগপত্রে রাখা হয়নি। তারা হচ্ছেন: প্রত্যক্ষদর্শী ফিরোজ আলী, আসামি মুহিদের স্ত্রী লিপি বেগম ও আজমতউল্লাহ।
গত ৮ জুলাই নগরীর কুমারগাঁওয়ে ভ্যান চুরির অভিযোগ এনে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার দিনই রাজনের মরদেহ গুমের সময় স্থানীয় জনতা অন্যতম আসামি মুহিদ আলমকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। পরে সৌদি আরবে আটক হয় অন্যতম আসামি পলাতক কামরুল। এ ঘটনায় আরো ১১ জনকে আটক করা হয়। সৌদি পুলিশের হেফাজতে থাকা কামরুলকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এরইমধ্যে রাজন হত্যায় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে গ্রেপ্তারকৃত ১২ জন।