একাত্তর টিভির জমা দেয়া টক শো’র ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড পর্যলোচনার পর আদেশ দেবে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ কথা জানায়।
তবে কখন ও কবে এ বিষয়ে আদেশ বা সিদ্ধান্ত দেয়া হবে সে বিষয়ে আপিল বিভাগ কিছু জানায়নি।
গত রোববার বিচারাধীন বিষয় নিয়ে একাত্তর টেলিভিশনে সম্প্রচারিত খবর ও আলোচনা অনুষ্ঠানের ভিডিও এবং সেখানে শোনানো দুই বিচারকের কথিত কথপোকথনের অডিও টেপ আদালতে জমা দেন অ্যার্টোনি জেনারেল মাহবুবে আলম। এ বিষয়ে মঙ্গলবার আদালতের সিদ্ধান্ত জানানোর কথা ছিল।
এর আগে গত ১০ আগস্ট যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরীর মামলা এবং মওদুদ আহমেদের মামলা সম্পর্কিত দুই বিচারপতির কথিত কথপোকথনের অডিও টেপ একাত্তর টেলিভিশন তাদের প্রতিবেদনে প্রকাশ করে। ওই বিষয়ে তাদের সংবাদ বিষয়ক অনুষ্ঠান ‘একাত্তর জার্নালে’ আলোচনা হলে বিষয়টি নজরে এনে অনুষ্ঠানের অডিও-ভিডিও ও যাবতীয় তথ্য চায় আদালত।