বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আনসারুল্লাহ বাংলা টিমের তিন জঙ্গি সদস্যকে ৭ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফজলুর রহমান ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন। উভয় আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান জামিন আবেদন নাকচ করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনজন হলেন: মো. তৌহিদুর রহমান (৫৮), সাদেক আলী মিঠু (২৮) ও আমিনুল মল্লিক (৩৫)। এদের মধ্যে তৌহিদুর বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক।
সোমবার রাতে রাজধানীর দুটি এলাকায় অভিযান চালিয়ে এই ৩ জনকে গ্রেপ্তার করে র্যা ব। পরে র্যা বের পক্ষ থেকে জানানো হয়, তারা ৩ জন উগ্রপন্থি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কারাবন্দি এবিটির শীর্ষ নেতা জসিমুদ্দীন রাহমানির নির্দেশে সাদেকসহ ৫ জনের একটি দল ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশকে হত্যায় জড়িত।
গত ২৬ ফেব্রুয়ারি টিএসসির কাছে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে। আর ১২ মে সিলেটের সুবিদবাজারে একই কায়দায় হত্যা করা হয় অনন্ত বিজয় দাশকে।