ব্রাজিল থেকে আমদানি করা গম নিতে বাধ্য না করার বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্ব আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে আপিল বিভাগ। নিম্নমানের গম আমদানি ও সরবরাহের অভিযোগে দুদককে দিয়ে তদন্তের আদেশ চেয়ে এক আইনজীবীর রিটের পরিপ্রক্ষিতে রুল নিষ্পত্তি শেষে রায় দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি নিতে কাউকে বাধ্য করা যাবে না। ওই পর্যবেক্ষণ স্থগিতের নির্দেশনা চেয়ে চেম্বার আদালতে খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের ডিজি আবেদন করলে চেম্বার বিচারপতি তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়।
গত ৯ জুলাই হাইকোর্টের পর্যবেক্ষণ ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। একইসঙ্গে ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
২৬ জুলাই শুনানি শেষে পর্যবেক্ষণটি আরও দুই সপ্তাহের জন্য স্থগিত করেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একইসঙ্গে বিতরণ না করা গম বিতরণ না করতে সরকারকে মৌখিক আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন রাষ্ট্রপক্ষকে।
উল্লেখ্য, আমদানি করা ২ লাখ ৫ হাজার ১২৮ মেট্রিক টন গমের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯২৬ মেট্রিক টন ইতোমধ্যে বিতরণ করা হয়েছে বলে খাদ্য অধিদপ্তর এর আগে আদালতকে জানিয়ে ছিল।