সংসদ সদস্য পদ বাতিল বিষয়ে শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে আবদুল লতিফ সিদ্দিকীর রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গত ১৬ আগস্ট হাইকোর্টে করা রিটে নির্বাচন কমিশন, আইন সচিব, জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের উপসচিবকে বিবাদী করা হয়েছে। ইসির ইখতেয়ার চ্যালেঞ্জ করে করা ওই রিটের ওপর গতকাল উভয়পক্ষের শুনানি শেষ হয়।
২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক মতবিনিময় সভায় পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এর প্রতিবাদে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে গ্রেপ্তারের পাশাপাশি মন্ত্রিপরিষদ থেকে তাকে বহিষ্কার ও সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে প্রথমে মন্ত্রিসভা ও পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।