নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ঠিক করেছে আদালত।
বুধবার ফখরুল ইসলামের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহর সময় বাড়ানোর আবেদন করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ দিন ঠিক করেন।
মির্জা ফখরুল অসুস্থ থাকায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ও আমান কারাগারে আটক আছেন জানিয়ে তার আইনজীবী আদালতে চার্জ শুনানি পেছানোর জন্য আবেদন করেন।
মির্জা ফখরুল ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান।
উল্লেখ, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলাটি দায়ের করে পুলিশ ।