গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের দিন পিছিয়ে মঙ্গলবার পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার আদেশের দিন ধার্য ছিল তবে তা পিছিয়ে দেন চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।
গত ১২ জুলাই জারি করা নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না? –তা জানতে চাওয়া হয়। ডা. জাফরুল্লাহকে ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে এ নোটিশের জবাবে তার আচরণের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
পরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আবেদনে ব্যাখ্যা দাখিলের দিন পিছিয়ে ১০ আগস্ট পুনর্নির্ধারণ করা হলেও ৯ আগস্ট বিচারকদের নিয়ে করা মন্তব্যের জন্য ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।
১০ আগস্ট ডা. জাফরুল্লাহ চৌধুরীর উপস্থিতিতে তার আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার তার পক্ষে শুনানি করেন।
এদিকে, অবমাননার অভিযোগকারীদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট খান মো. শামীম আজিজ ও অ্যাডভোকেট মোরশেদ আহমেদ খান।
শুনানি শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেন।