চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে, এ বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত দিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের সম্মেলনে জেলা আইনজীবী সমিতির আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। পরে, বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
১৫ থেকে ২০ বছর আগের যেসব মামলার নিষ্পত্তি হয়নি সেগুলো দ্রুত সমাধান করতে আইনজীবীদের সহযোগিতা চান প্রধান বিচারপতি।
তিনি বলেন, চট্টগ্রাম হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সরকারের উচ্চপর্যায়েই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।
এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও মহানগর জাজশিপের অধীনে বিভিন্ন আদালতের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। আদালত ও মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের খোঁজ নেন। কয়েকটি এজলাসে গিয়ে মামলার বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান বিচারপতি।
বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের সম্মেলনে অংশ নেন সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর, প্রথমবারের মত চট্টগ্রামের আদালত পরিদর্শন করলেন তিনি।