বিএনপি নেতা ও যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে মারামারির এক মামলায় জামিন দিয়েছে আদালত।
রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দিয়েছে।
সাত বছর আগের এই মামলায় হুম্মামের জামিন আবেদনের শুনানি করেন তার আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ।
হুম্মাম মারামারিতে কোনো অংশগ্রহণ করেন নেই বলে সাংবাদিকদের জানান তিনি।
বিগত ২০০৮ সালের জুলাই মাসে ধানমণ্ডি থানায় দায়ের করা ওই মামলা বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
গতকাল শনিবার সকালে ধানমণ্ডির বাসা থেকে ওই মামলায় হুম্মামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
হুম্মামের বিরুদ্ধে তার বাবা সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলাও রয়েছে—ওই মামলায় তার মা ফারহাত কাদের চৌধুরীও অভিযোগপত্রভুক্ত আসামি।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের তিন সন্তানের মধ্যে ছোট ছেলে হুম্মাম পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।