খুলনার আলোচিত শিশুশ্রমিক রাকিব হত্যা মামলায় রোববার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
সকালে শুনানি শেষে খুলনার মহানগর হাকিম আদালতের বিচারক ফারুক ইকবাল এ অভিযোগপত্র গ্রহণ করে এ মামলার পরবর্তী তারিখ ২২ সেপ্টেম্বর ঠিক করেছে।
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, অভিযোগপত্র নিয়ে বাদীর কোনো আপত্তি না থাকায় সকাল সাড়ে ১০টার দিকে আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। ফলে এ অভিযোগপত্র গ্রহণের ফলে মামলাটির পরবর্তী কার্যক্রম জজ আদালতে অনুষ্ঠিত হবে।
গত ২৫ আগস্ট খুলনা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মদ। এতে তিন জনকে অভিযুক্ত এবং ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযুক্তরা হল: শরীফ মোটরসের মালিক মো. শরীফ, তার সহযোগী মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগম। ইতিমধ্যে ৩জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা বর্তমানে কারাগারে আছেন।
তদন্তে উঠে এসেছে রাকিবকে (১২) মজুরি কম দেয়া হতো। এজন্য সে অন্য একটি গ্যারেজে কাজ নেয়ায় ক্ষিপ্ত হয়ে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। সেই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এতে বলা হয়, বাতাসের চাপে রাকিবের ফুসফুস চুপসে যায়। তার মলদ্বার থেকে গলা পর্যন্ত রক্ত ছড়িয়ে পড়ে। এছাড়া অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
গত ৩ আগস্ট মোটরসাইকেলের চাকায় হাওয়া দেয়ার কমপ্রেসর মেশিনের পাইপ পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দিয়ে রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নগরের টুটপাড়ার মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তার সহযোগী মিন্টু ও শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন ওই ৩জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা হয়।