রাঙামাটির রাজস্থলীতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির সদস্যসহ তিন জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার আদালত শুনানি শেষে রাঙামাটির জজ আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী এ আদেশ দেন।
তারা হলেন-অং ওয়েন রাখাইন, মং সু অং মারমা ও জশো অং মারমা।
রাঙামাটি কোর্টের পুলিশ পরিদর্শক মামিনুল ইসলাম জানান, রাঙামাটির রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা পলাতক ডা. রানিন সোয়ের বাড়ি থেকে আটক আরাকান আর্মির সদস্য অং ওয়েন ও বাড়ির দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে সন্ত্রাস দমন ও বিদেশি আইন মামলায় সকালে আদালতে হাজির করা হয়। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রানিন সোয়ের বাড়ি থেকে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইনকে এবং ২৮ আগস্ট বাড়ির দুই কেয়ারটেকারকে যৌথবাহিনী আটক করে। বাড়ির মালিকসহ চার জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশি নাগরিক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।