দুর্নীতির মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ৬ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ অভিযোগ গঠন করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কবির হোসেন বলেন, সাংসদ বদি তার সম্পদ বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৭৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত এ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
গত ১৯ আগস্ট অভিযোগ গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। সাংসদ বদির উপস্থিতিতে আজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেয়া এবং ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় ক্ষমতাসীন দলের এ নেতার বিরুদ্ধে।
দুদক নোটিসে বদি গতবছর ২০ মার্চ সম্পদের যে হিসাব বিবরণী দাখিল করেছিলেন, তাতে নিজের ও সন্তানদের নামে ৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫৩৮ টাকার সম্পদ থাকার কথা জানিয়েছিলেন তিনি।