বিগত ২০০২ সালে ‘অপারেশন ক্লিনহার্ট' এর ওপর করা যৌথ অভিযান দায়মুক্তি আইন-২০০৩ অবৈধ ঘোষণা করে তা বাতিলের রায় দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
এতে বলা হয়, যৌথবাহিনীর ওই অভিযানের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ফৌজদারি ও দেওয়ানি মামলা করতে পারবেন এবং হাইকোর্টে রিট আবেদনও করতে পারবেন।
বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত ‘অপারেশন ক্লিন হার্ট’ নামে যৌথ বাহিনীর ওই অভিযান চলে। ওই অভিযানের কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন-২০০৩ করা হয়।
গত ৩১ আগস্ট এ রুলের শুনানি শেষ হয়। আজ অপারেশন ক্লিন হার্ট নামে পরিচালিত অভিযানের কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে করা আইনটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী নিজ হাতে আইন তুলে নিতে পারে না তাদের হেফাজতে নির্যাতনের মাধ্যমে কারো মৃত্যু জঘন্য অপরাধ।
ওই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না ২০১২ সালে জনস্বার্থে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ২৯ জুলাই হাইকোর্ট রুল দেয়। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও প্রতিরক্ষা সচিবসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।