সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২২ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
বুধবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের তারিখ থাকলেও আসামি পক্ষের আইনজীবি উপস্থিত না হওয়ায় মামলার তারিখ পরিবর্তন করা হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রাজন হত্যা মামলা মহানগর হাকিম আদালত থেকে দায়রা জজ আদালতে স্থানাস্তর করা হয়।
শিশু রাজনকে হত্যার পর ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। আসামিদের মধ্যে ১০ জন জেল হাজতে এবং ৩ জন পলাতক।
গত ৮ জুলাই সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় চুরির অভিযোগে জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউল রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার অপচেষ্টার সময় ধরা পড়ে একজন। রাজনকে নির্যাতন করার সময় প্রায় ২৮ মিনিট ৫২ সেকেন্ড ভিডিওচিত্র ধারণ করেছিল নির্যাতনকারীরা। এ ভিডিওচিত্র নিয়ে ১২ জুলাই প্রথম আলোয় ‘নির্মম পৈশাচিক!’
শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে একে একে জনতা ধরিয়ে দেয় সামিউল রাজন হত্যা মামলার আসামিদের। পালিয়ে সৌদি আরব গিয়ে জনতার হাতে ধরা পড়েন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম।