মানহানির একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ইউনূস খান এ আদেশ দেন।
এর আগে সকালে আদালতে হাজির হয়ে মির্জা ফখরুল জামিনের আবেদন করেন।
মির্জা ফখরুলের আইনজীবী সানা উল্লাহ মিয়া বলেন, গতবছর ১ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সহসভাপতি এস এম নূর-ই আলম সিদ্দিক ঢাকার আদালতে মির্জা ফখরুলের বিরুদ্ধে এ নালিশি মামলাটি করেন।
অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলে পল্টন থানার পুলিশকে নির্দেশ দেয় আদালত। পল্টন থানার পুলিশ একই বছরের ১৮ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দেয়। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে মির্জা ফখরুলকে হাজির হতে সমন দেন। মামলার ধার্য দিনে আজ-মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। আদালত তা মঞ্জুর করেছে।
মামলার আরজিতে বলা হয়েছে, গতবছরের ২৪ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য পরদিন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।