মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর কমান্ডার জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় কারাগারে সাক্ষাত করবেন তার আইনজীবীরা। শুক্রবার মুজাহিদের আইনজীবী শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আলোচনা করতে যুদ্ধাপরাধী আলী আহসানের সঙ্গে কারাগারে সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের অনুমতি চান তার আইনজীবীরা। কারাকর্তৃপক্ষের অনুমতিক্রমে আগামীকাল মুজাহিদের সঙ্গে দেখা করবেন তারা আইনজীবীরা।
গতকাল (বৃহস্পতিবার) সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয় আন্তর্জাতিক অপরাধ টৃআইব্যুনাল। এরপর কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে ও কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কর্তৃপক্ষ।
এরইমধ্য দিয়ে তাদের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। রিভিউ আবেদনের জন্য বৃহস্পতিবার থেকে ১৫ দিনের সময় পাবেন এই দুই যুদ্ধাপরাধী।
এদিকে, বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার আব্দুল হান্নানসহ আরো ৪ জনকে শুক্রবার বিকেলে কারাগারে প্রেরণ করেছে সিসিএমএম আদালত।