খুলনায় শিশু রাকিব (১২) হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরুর আদেশ দিয়েছে আদালত।
সোমবার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ অভিযোগ গঠন করেন।
পরে আদালত ১১ অক্টোবর থেকে টানা ৫ দিন ধরে এ মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করে।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ গঠনের জন্য আজ শুনানির ধার্য দিন ছিল, শুনানি শেষে তিন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেছে আদালত।
আগামী ১১ অক্টোবর থেকে টানা পাঁচ দিন সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে।
অভিযুক্ত তিন আসামি হলো: শরীফ মোটরসের মালিক মো. শরীফ, তার সহযোগী মিন্টু ও শরীফের মা বিউটি বেগম। তারা আদালতে উপস্থিত ছিল।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, এ মামলার অভিযোগপত্র গত ২৫ আগস্ট আদালতে দাখিল করা হয় আর ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করে।
প্রসঙ্গত: গত ৩ আগস্ট নগরের টুটপাড়া কবরখানার পাশের শরীফ মোটরসে মোটরসাইকেলের হাওয়া দেয়ার কমপ্রেসর মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ওই গ্যারেজের মালিক শরীফ, তার সহযোগী মিন্টু ও শরীফের মা বিউটি বেগমকে পিটুনি দিয়ে পুলিশে দেয় ক্ষুব্ধ জনতা। ঘটনার পরদিন তিন জনের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলা হয়। অভিযুক্ত তিন জনই ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।