গুলি করে সৌরভ নামের এক শিশুকে আহত করার অভিযোগ নিয়ে আত্মগোপনে' থাকা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছে।
রোববার তার আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি জমা দেন।
লিটনের আইনজীবী এ এম আরিফুল ইসলাম বলেন, শিগগিরই আবেদনটি হাইকোর্টের একটি বেঞ্চে উপস্থাপন করা হবে।
এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গাইবান্ধার সুন্দরগঞ্জে গত ২ অক্টোবর সাংসদ লিটনের ছোড়া গুলি পায়ে বিদ্ধ হয়ে সৌরভ মিয়া (৯) নামে এক শিশু আহত হয়। ওই ঘটনায় আহত শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলাটি দায়েরের পর থেকেই লিটন আত্মগোপনে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাংসদ লিটন নিজে থেকে ধরা না দিলে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে এবং আইনের মুখোমুখি হতে হবে।