শিশু সৌরভকে গুলি করার অভিযোগে গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার দুপুর ১টায় লিটনের আইনজীবী মোকছেদুল ইসলাম লিটনের পক্ষে জামিন আবেদন করেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তার আগাম জামিন আবেদন খারিজ করে ১৮ অক্টোবর গাইবান্ধার নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
আজ দুপুর ১টার দিকে লিটনকে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। পরে তার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়।
গতকাল আইনজীবী এস এম আরিফুল ইসলাম সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন জমা দেন।
এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গাইবান্ধার সুন্দরগঞ্জে গত ২ অক্টোবর সাংসদ লিটনের ছোড়া গুলি পায়ে বিদ্ধ হয়ে সৌরভ মিয়া (৯) নামে এক শিশু আহত হয়। ওই ঘটনায় আহত শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলাটি দায়েরের পর থেকেই লিটন আত্মগোপনে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাংসদ লিটন নিজে থেকে ধরা না দিলে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে এবং আইনের মুখোমুখি হতে হবে।