শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক এ নির্দেশ দেন।
কারাগারে পাঠানোর নির্দেশনার পর (এসি-প্রসিকিউশন) আব্দুল আহাদ বলেন, গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে (কামরুল ইসলাম) কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে কামরুল ইসলামকে আদালতে হাজির করেন সিলেট কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা থেকে রাত ১০টার দিকে সিলেটে নিয়ে আসার পর তাকে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রাখা হয়। রাতে কামরুলকে সিলেটে নিয়ে আসার পর সংবাদ সম্মেলন করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান।
এ সময় তিনি বলেন, আইনি বাধ্যবাধকতা মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই ভোরে চোর সন্দেহে শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনের ২৮ মিনিটের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশে বিদেশে তোলপাড় সৃষ্টি হয়।
এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুদার ১৬ আগষ্ট ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।