গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ক্যাব) করা রিট আবেদন নিয়মিত বেঞ্চে উপস্থাপনের পরামর্শ দিয়েছে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।
সোমবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।
ক্যাবের রিট আবেদনে ওই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং পর্যালোচনার আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না- তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে।
ক্যাব আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন গত ৭ অক্টোবর এই রিট আবেদনটি করেন। রিটের পক্ষে শুানানিতে অংশ নেন আইনজীবী সুব্রত চৌধুরী।
তিনি সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আদেশ চেয়ে এ আবেদন করা হয়— এ ব্যাপারে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে।
অ্যানার্জি রেগুলেটরি কমিশন ও কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে এ আবেদনে বলে জানান তিনি।
সুব্রত চৌধুরী বলেন, কমিশন আইনানুসারে স্বাধীন তারা ভোক্তাদের অধিকার সংরক্ষণ করবে কিন্তু তাদের সিদ্ধান্তে ভোক্তাদের বক্তব্যের প্রতিফলন দেখা যায় না।
গত ২৭ আগস্ট বিদ্যুতের দাম গড়ে ২.৯৩% এবং গ্যাসের দাম ২৬.২৯% বৃদ্ধি করে বিইআরসি। ১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর করা হয়।
দাম বৃদ্ধির জন্য গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শুনানির পর তিন মাসের মধ্যে সিদ্ধান্ত না দিয়ে বিইআরসি আগস্টে দাম বাড়ানোর ঘোষণা দেয় যা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে ক্যাবের দাবি।