নাশকতার মামলায় ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও সাভারের পৌর মেয়র রেফাত উল্লাহকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার আদালতে হাজির করে সাভারে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ডের আবেদন পুলিশ।
শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ সিরাজ জিন্নাত প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন।
সকালে দিকে রাজধানীর পরীবাগের একটি বাসা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। আর ভোরে সাভার থেকে রেফাত উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর সাভার ও আশুলিয়ায় যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। মামলা দায়ের হওয়ার পর এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
আর শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সাভার পুলিশের সদস্যরাই সালাহউদ্দিন বাবুকে গ্রেপ্তারে এ অভিযান চালিয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি জোটের হরতালের মধ্যে সাভারে একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে ৩ জন দগ্ধ হন। পরে তাদের মধ্যে রতন কুমার দাশ (৫০) নামের একজন প্রকৌশলী হাসপাতালে মারা যান।
ওই ঘটনায় সাভার মডেল থানায় পুলিশের দায়ের করা মামলায় ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি সালাহউদ্দিন বাবুকে প্রধান আসামি করা হয়। এছাড়া ওই সময় নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তার নাম রয়েছে।