সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার টানা দুই দিনের সাক্ষ্যগ্রহণের প্রথমদিন ছিলো আজ।
আবদুর রউফ ও এরফান আলী নামে দুই সাক্ষী আদালতে হাজির না হওয়ার কারণে আগামীকাল (বৃহস্পতিবার) পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল হোসেন।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর জানিয়েছেন, এ মামলায় ১৭১ জন সাক্ষী। গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জের সাংসদ আবদুল মজিদ খান সাক্ষ্য দেয়ার পর বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিনব্যাপী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। ঘটনার ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এদের মধ্যে লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক, জি কে গউছ, মুফতি হান্নানসহ ১৪ জন কারাগারে, আটজন জামিনে আছেন। বিএনপির নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক। চলতি বছরের ২১ জুন মামলাটি হবিগঞ্জ আদালত থেকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।