খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার রায় আগামী ৮ নভেম্বর দিন ঠিক করেছে আদালত। রোববার এ দিন ঠিক করা হয়।
গত ২৮ অক্টোবর মহানগর ভারপ্রাপ্ত দায়রা জজ দিলরুবা সুলতানা যুক্তিতর্কের জন্য ১ নভেম্বর দিন ঠিক করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, বুধবার ছিল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য শোনার দিন। আসামিপক্ষের আইনজীবীরা পরিকল্পিত হত্যা ৩০২ ধারার পরিবর্তে অপরিকল্পিত হত্যা ৩০৪ ধারায় মামলাটি বিচারের জন্য যুক্তি উপস্থাপন করেন।
বাদীপক্ষের আইনজীবীরা এর বিপক্ষে যুক্তি দেন। শুনানি শেষে আদালত আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করেন।
পরে অভিযুক্ত তিন আসামি শরীফ, তার মা বিউটি বেগম ও মিন্টু খানের বিরুদ্ধে ৩৮ জন আদালতে যে সাক্ষ্য দিয়েছেন, তা সংক্ষিপ্ত আকারে পড়ে শোনানো হয়। এরপর আদালত আসামিদের কাছে জিজ্ঞাসা করেন, তাদের কিছু বলার আছে কি-না। তিন আসামি নিজেদের নির্দোষ দাবি করে কোনো সাফাই সাক্ষ্য দেবে না বলে জানায়।
আদালত তাদের বক্তব্য শোনার পর আগামী ১ নভেম্বর যুক্তিতর্কের দিন ধার্য করে।
এর আগে গত ২৫ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
গত ৩ আগস্ট বিকেলে নগরীর শরীফ মোটরসে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়া হয়। অতিরিক্ত বায়ুর চাপে রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাকিবকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।