পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মেয়ে ঐশী ও তার দুই বন্ধুর সাজার রায় আগামী ১২ নভেম্বর দিন ঠিক করেছে আদালত।
বুধবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ রায়ের এ দিন ঠিক করেন।
আলোচিত এ মামলায় দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আজ শেষ হয়েছে।
ঐশীর দুই বন্ধু জনি ও রনিকে এই মামলায় হত্যাকাণ্ডে সহায়তাকারী হিসেবে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামি ঐশীদের শিশু গৃহকর্মী খাদিজা আক্তার সুমির শিশু আদালতে বিচার চলছে।
বিগত ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাদের একমাত্র মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করেন।
পুলিশের অভিযোগপত্রে বাবা-মাকে ঐশীই হত্যা করে বলে উল্লেখ করা হয়েছে।
গত ২০১৪ সালের ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুয়াল খায়ের মাতুব্বর আদালতে অভিযোগপত্র দেন।
তবে মামলার বাদী মাহফুজের ভাই মশিউর রহমান বলেন, তার ভাতিজি এ হত্যাকাণ্ড ঘটাননি।
ঐশী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পরে তা অস্বীকার করে বলেন, ভয় দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি নেয়া হয়েছে।