মুক্তমনা ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় তিন জনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
ওই ৩ জন হচ্ছেন : শফিউর রহমান ফারাবী, জুলহাস বিশ্বাস ও আবুল বাশার। এ ৩ জনই ঢাকায় অভিজিৎ হত্যা মামলার আসামি।
সহকারী পুলিশ কমিশনার আবদুল আহাদ (প্রসিকিউশন) বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ নভেম্বর ধার্য করা হয়েছে বলে জানান তিনি।
গত ১৯ অক্টোবর অনন্ত হত্যা মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল। এ মামলায় গ্রেপ্তার হওয়া সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী ও কানাইঘাটের মোহাইমিন নোমান মহানগর দায়রা জজ আদালতে মিস কেস মামলা দায়ের করলে গত ২৮ সেপ্টেম্বর মহানগর হাকিম ২য় আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে মামলার নথিপত্র স্থানান্তর করা হয়।
তবে মামলার নথিপত্র সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে মহানগর হাকিম আদালতে না আসায় ওইদিন শুনানি হয়নি। গত ৪ অক্টোবরও একই কারণে মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি।
গত ২৮ অক্টোবর অনন্ত বিজয় হত্যা মামলায় জামিন পেয়েছেন ফটো সাংবাদিক ইদ্রিস।
এদিকে, ঢাকায় অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিককে গত ৮ সেপ্টেম্বর অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
প্রসঙ্গত, গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যা মামলায় ফটো সাংবাদিক ইদ্রিস আলী, শাবিপ্রবির ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়ের নামক একজনকে গ্রেফতার করে সিআইডি পুলিশ।
অনন্ত হত্যার পর ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে তার বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট নগরীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করলেও হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় দায়িত্বভার যায় সিআইডিতে।