রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইকোর্টে জামিন আবেদন সংক্রান্ত আদেশের দিন ১৬ নভেম্বর।
বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে।
ফখরুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, মির্জা ফখরুলের জামিন আবেদন-সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। ১৬ নভেম্বর আদালত এ ব্যাপারে আদেশ দেয়া হবে।
গত ৩ নভেম্বর নাশকতার অভিযোগে করা তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে, গত ২ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি হয়। তবে আদালত তার জামিনের মেয়াদ বাড়ায়নি।
গত ১৩ জুলাই শারীরিক অবস্থা বিবেচনা করে মির্জা ফখরুলকে দেয়া হাইকোর্টের জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রাখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। পরে দুই দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।