গৃহকর্মী নির্যাতনের মামলায় আটক ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন আবেদন নাকচ করলো মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা শুনানি করে শাহাদাতের জামিন আবেদন নাকচ করে দেন।
শাহাদাতের আইনজীবী কাজী মো. নজিববুল্যাহ হিরু সাংবাদিকদের বলেন, শাহাদাতের মা ক্যান্সারে আক্রান্ত এবং কারাবন্দি শাহাদাতও খুব অসুস্থ। এ বিষয়গুলো তুলে ধরে তার জামিন চাওয়া হয়েছিল। বিচারক সেসব বিবেচনা না করে আবেদন নাকচ করে দেন।
গত ৬ সেপ্টেম্বর শাহাদাত হোসেন গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়।
পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী শিশুটিকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেলক হক নামের একজন সাংবাদিক।
পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।
সাংবাদিক মোজাম্মেল এ ঘটনায় মামলা করলে স্ত্রীসহ নিরুদ্দেশ হন জাতীয় দলের এ ক্রিকেটার।
পরে ৪ অক্টোবর মালিবাগের একটি বাড়ি থেকে শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এরপর দিনই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহাদাত। বিচারক ইউসুফ হোসেন তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।