রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার দুই আসামি রংপুর মহানগর বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লব ও তার ব্যবসায়িক পার্টনার হুমায়ুন কবীর হিরার জামিনের আবেদন আবারো নামঞ্জুর করেছে আদালত।
সোমবার রংপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আলম শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
পরে পরবর্তী তারিখ আগামী ৩০ নভেম্বর ধার্য করেন তিনি।
একইসঙ্গে বিএনপি নেতা বিপ্লবের উন্নত চিকিৎসার জন্য কারাগার কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছে আদালত।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে র্যা বের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার রংপুরের ৩ ছাত্রদল ও যুবদলের নেতাকে আগামী ১৮ নভেম্বর জুডিশিয়াল আদালতে হাজিরের জন্য সিডব্লিউ ইস্যুর নির্দেশ দিয়েছে আদালত।
এরআগে, রোববার মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ওই ৩ আসামিকে জাপানি নাগরিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
উল্লেখ, চলতি বছরের ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।