সিলেটে শিশু আবু সাঈদ হত্যা মামলায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১৯ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশীদ এ অভিযোগ গঠন করেন।
পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ছাড়া অপর ৩ জন হলো: সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম।
আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানিয়েছেন, চার্জগঠনের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
গত ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। অপহরণের তিনদিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলেকোটা থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।