রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে তাকে ৫ দিনের রিমান্ড শেষে হাজির করা হয়েছে।
তাকে রাখা হয়েছে বিচারকের খাস কামরায়। সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও)এসআই ফরিদ মিয়া বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে মতিনকে তিন ঘণ্টা সময় দেয়া হয়েছে। সময় শুরু হয়েছে দুপুর পৌনে ২টা থেকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে আদালতের কাছে আবেদন জানায়।
জিআরও এসআই ফরিদ মিয়া বলেন, মতিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। তাকে আইন অনুযায়ী ভাবার জন্য তিন ঘণ্টা সময় বেধে দেয়া হয়েছে। পরে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তার জবানবন্দি রেকর্ড করবেন। বিচারকের খাস কামরায় তাকে রাখা হয়েছে।
এর আগে গত শুক্রবার মতিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত। এ ছাড়া গত ৫ নভেম্বর তাকে হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ৮ দিনের রিমান্ডে পাঠায়।
গত ৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলের বড় আঁচড়া সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।