মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের পদক্ষেপ নেবেন— জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, জেল কর্তৃপক্ষ লিখিত আদেশের কপির কথা উল্লেখ করেছে। আজকেও আমি আদালতে উল্লেখ করেছিলাম , আদালত আজকে জানিয়েছে দরকার হবে না। তাতে আমারা ইঙ্গিত বুঝতে পারছি অতি শিগগিরই মূল রায়টা অথবা একটি আদেশ পেয়ে যাব।’
বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তবে কবে রায় প্রকাশ হবে জানতে চাইলে তিনি বলেন, আপিল বিভাগ জানিয়েছে শিগগিরই প্রকাশ করা হবে।
বুধবার সকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। এরপর একটাই প্রশ্ন সামনে আসে কখন তাদের ফাঁসির দণ্ড কার্যকর করা হবে।
এ বিষয়ে বুধবার আইনমন্ত্রী জানান, তাদের ফাঁসির রায় কার্যকর এক সপ্তাহের কম সময়েই সম্ভব।
আর সর্বোচ্চ আদালতের নির্দেশনা হাতে পেলেই ফাঁসির আদেশ কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।
সকালে অ্যাটর্নি জেনারেলের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আপিল বিভাগের কাছে সংক্ষিপ্ত রায়ের কপি চেয়ে আবেদন জানানো হলে আদালত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলে জানায়।