রাজধানীর পল্টন থানার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। আপাতত মির্জা ফখরুলের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন।
সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
গত ৩ নভেম্বর নাশকতার অভিযোগে করা তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে, গত ২ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি হয়। তবে আদালত তার জামিনের মেয়াদ বাড়ায়নি। ২৪ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ মির্জা ফখরুলকে রুল নিষ্পত্তি করে পল্টন থানার তিন মামলায় ৩ মাসের জামিন দেয়। এর বিরুদ্ধে ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষ আবেদন করল বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
গত ১৩ জুলাই শারীরিক অবস্থা বিবেচনা করে মির্জা ফখরুলকে দেয়া হাইকোর্টের জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রাখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। পরে দুই দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।