জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক করা তিন জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ।
এদিকে, এ মামলার গ্রেপ্তার অন্য দুই আসামি কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা ও রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৫ ডিসেম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
রিমান্ড মঞ্জুর হওয়া তিন জন হল: রংপুর মহানগর যুবদলের সদস্য রংপুর শহরের শাহীপাড়ার রাজিব হাসান ওরফে মেরিল সুমন (২৮), শহরের জুম্মাপাড়ার নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল (২৬) ও শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল (৩২)।
এ তিনজনকে ১২ নভেম্বর দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার সাতনইল ও বিদিরপুর এলাকা থেকে আটক করে র্যা ব-৫।
আদালত সূত্র জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলমের আদালতে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক তিনজনকে এ মামলায় আসামি করার আবেদন করেন। আজ তাদের আদালতে তোলা হলে বিচারক আবেদন মঞ্জুর করেন।
বিকেলে তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এই তিনজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানীর ভাষ্য, ওই তিনজনের নামে রংপুরের কোতোয়ালি থানায় একাধিক মামলা আছে।
চলতি বছরের ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।