শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্য।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে শুনানি তা মঞ্জুর করেন।
আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত নিত্য জামিন থাকবেন।
এর আগে গত ১২ নভেম্বর একই আদালত ক্রিকেটার শাহাদাতের জামিন আবেদন নাকচ করেছে।
গত ৪ অক্টোবর নিত্যকে গ্রেপ্তার করে পুলিশ এর একদিন পর আদালতে আত্মসমর্পণ করেন শাহাদাত।
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুটিকে পাওয়া যায়।
খন্দকার মোজাম্মেলক হক নামে এক সাংবাদিক পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশু পেয়ে থানায় নিয়ে যান।
পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।
এ ঘটনায় সাংবাদিক মোজাম্মেল বাদী হয়ে মামলা করেন জাতীয় দলের ক্রিকেটার ও তার স্ত্রী নিত্য বিরুদ্ধে। এর একমাসের মাথায় তাদের দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ।
নির্যাতনের যে বর্ণনা ওই শিশু আদালতের জবানবন্দিতে দিয়েছে তাতে বলা হয়েছে, শাহাদাত রুটি বানানোর বেলন দিয়ে তাকে পিটিয়ে পরে আবার আঘাতের স্থানে বরফ লাগাতেন। চোখের উপর অংশে বেশ কয়েকবার বেলন দিয়ে পেটানো হয়েছে বলেও আদালতকে জানিয়েছে মেয়েটি।