রাজধানীতে পলিথিন ব্যাগ বর্জন এবং পাটের ব্যাগ বাধ্যতামূলকভাবে ব্যবহারের জন্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং ঢাকা মহানগর এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার দুপুরে তৃতীয় দিনের মতো নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানকে প্লাষ্টিকের বস্তা ব্যবহারের দাঁয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সব ব্যবসায়ীকে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানিয়ে মির্জা আজম বলেন, ভবিষ্যতে পলেথিন ব্যাগ ব্যবহার করলে আরো কঠিন শাস্তি দেয়া হবে।
তিনি আরো বলেন, আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ অপরাধ পুনঃসংগঠিত হলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
এছাড়া ধান, চাল, গম, ভুট্টা সার ও চিনি এ ছয়টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করলে ব্যাংক ঋণ সুবিধা প্রদান করা হবে না বলেও জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।