মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের দুই রাজাকার কমাণ্ডার সৈয়দ মোহাম্মদ হোসেন ও মোসলেম প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনাল-১ এ অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগ আমলে নেয়ার বিষয়ে ২৯ ডিসেম্বর আদেশের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
এ দুই রাজাকারের বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৬টি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৭১ সালের আগষ্টে কিশোরগঞ্জের নিকলিতে সুধীর সূত্রধরসহ ৩৫ জনকে হত্যা, সেপ্টেম্বরে কিশোরগঞ্জের নিকলি বাজারে কাশেম আলীসহ ৪ জনকে আটক ও নির্যাতন, সেপ্টেম্বরে কিশোরগঞ্জের নিকলির গুরুই গ্রামে ফুল মিয়াসহ ২৬ জনকে হত্যা।
এ দুই যুদ্ধাপরাধীর মধ্যে মোসলেম প্রধান কারাগারে থাকলেও মোহাম্মদ হোসেন পলাতক রয়েছে।