পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের হত্যার আসামি মেয়ে ঐশী রহমান মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
গত ১২ নভেম্বর ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। তাকে আশ্রয় দেওয়ায় বন্ধু মিজানুর রহমানকে ২ বছরের কারাদণ্ডাদেশ এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেয়া হয়।
২০১৪ সালের ৯ মার্চ ঐশী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং ঐশীদের বাসার শিশু গৃহকর্মীর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বছরের ৬ মে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রথমে ঐশীসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল নতুন করে অভিযোগ গঠন করে। ২০ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষ হয়। তাদের গৃহকর্মীর বিরুদ্ধে করা শিশু আইনের মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। সে বর্তমানে জামিনে আছে।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান ওই দিনই পল্টন থানায় ছোট ভাই ও শিশু গৃহকর্মীকে নিয়ে আত্মসমর্পণ করে।
২৪ আগস্ট ঐশী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে পরে ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করে ঐশী।