নারায়ণগঞ্জে সাত হত্যা মামলা অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা আবেদনের ওপর হাইকোর্ট আদেশ দেবে ৯ ডিসেম্বর (বুধবার)।
রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তৃতীয় দিনের মতো শুনানি শেষে এ আবেদনের আদেশের দিন ধার্য করা হয়।
গত ৮ এপ্রিল সাত খুনের এ মামলায় র্যা বের সাবেক তিন কর্মকর্তা, কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে অভিযোগপত্রে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেয়ায় ১১ মে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
৮ জুলাই নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ওই নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র গ্রহণ করেন। পরে সেলিনা ইসলাম নারাজি আবেদন পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন করলে ৯ নভেম্বর ওই আবেদনও খারিজ করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এরপর তিনি বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন।
গত ২৯ নভেম্বর ওই আবেদনের ওপর শুনানি শুরু হয়।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।