নারায়ণগঞ্জ সাত খুন মামলার আসামি নূর হোসেনকে সিদ্দিরগঞ্জ চাঁদাবাজি মামলায় হাজিরা দিতে আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে কড়া পুলিশি প্রহরায় কাশিমপুর কারাগার থেকে সোমবার সকাল পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রুপম আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আনা হয়। এ সময় ওই চাঁদাবাজির মামলায় তাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাঈদুজ্জামান শরীফের আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৩ সালের ৩০ মে সিদ্দিরগঞ্জের হীরাঝিল এলাকার হাজী মোতালিবের ছেলে ইকবাল হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নূর হোসেন ও তার সহযোগিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নূর হোসেনের লোকজন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে মারধর এবং গুরুতর আহত করে।
এমনকি মামলা না করার জন্য হত্যার হুমকিও দেয়। এ সময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা নগদ ১৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ২০১৪ সালের ১০ জুন ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেনসহ ৬ জনকে আসামি করে সিদ্দিরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা করেন।
মামলার অন্য আসামিরা হল : নূর হোসেনের বড় ভাই শাহজাহান, বুলবুল ওরফে টুন্ডা বুলবুল, বরখাস্ত হওয়া কাউন্সিলর শাহজালাল বাদল, নূর হোসেনের দুই সহযোগী সাত খুন মামলার আসামি আলী মোহাম্মদ ও মর্তুজা জামান চার্চিল।