মুক্তিযুদ্ধ সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে এক বছরের জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
সাকা চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের মামলায় এ জামিন পান তিনি।
আদালতে ফখরুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
সগীর হোসেন বলেন, ২০১৩ সালের ২০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচার চেম্বার থেকে ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন এবং সংবাদকর্মীদের রায়ের খসড়া কপি দেখান।
এ ঘটনায় ট্রাইব্যুনালের পক্ষ থেকে ২ অক্টোবর তথ্য ও প্রযুক্তি আইনের ৫৪, ৫৭ ও ৬৩ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। পরবর্তীতে এ মামলায় গ্রেপ্তার ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন ও ফারুক রায়ের খসড়া ফাঁসের বিষয়ে সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট সাকা চৌধুরীর স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা (ডিবি) পুলিশ।