গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে ২০০৯ সালে বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্য মামুনুর রশিদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল ও ডেথ রেফারেন্সের চূড়ান্ত নিষ্পত্তি করে এ রায় দেয়।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বোমাসহ মামুনুরকে হাজির করে সংবাদ সম্মেলন করা ছিল দায়িত্বজ্ঞানহীন কাজ। কোনো আসামিকে আদালতে হাজির করার আগে গণমাধ্যমের সামনে উপস্থিত করা থেকে আইনশৃঙ্খলা বাহিনী যাতে বিরত থাকে সেজন্য পুলিশ মহাপরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও রায়ের পর্যবেক্ষণে বলা হয়।
২০০৯ সালে মামুনুরকে গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক করে, গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে আনা হয়। সংবাদ সম্মেলন চলার সময় মামুনুর একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটালে ১৩ জন আহত হয়।
ওই ঘটনায় ২০১২ সালে মামুনুরকে ফাঁসির আদেশ দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪।